ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
অগ্নিশিখা

এম.আর.জে শান্ত

এম.আর.জে শান্ত

বিনোদন প্রতিবেদক


তিন মাধ্যমে দাপুটে আফফান মিতুলের অভিনয়যাত্রা

দুই দশকেরও বেশি সময় ধরে ছোট পর্দা, বড় পর্দা এবং ওটিটি—মিডিয়ার তিন মাধ্যমেই নিজের সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করে আসছেন বহুমুখী প্রতিভার অধিকারী অভিনেতা আফফান মিতুল। বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে বারবার ভাঙাগড়ার মধ্য দিয়ে তিনি আজ ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত ও নির্ভরযোগ্য এক মুখ।১৯৮৮ সালের ২ মার্চ কিশোরগঞ্জে জন্ম নেওয়া আফফান মিতুলের শৈশব ও শিক্ষাজীবন কেটেছে ঢাকায়। ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে মাধ্যমিক শেষ করে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি তার প্রবল টানের কারণে ২০০৭ সালে মির্জা সাখাওয়াত হোসেন পরিচালিত টেলিভিশন নাটক ‘অন্তরালে’র মাধ্যমে ছোট পর্দায় তার অভিনয় জীবন শুরু হয়।এরপর ২০০৮ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় নাটক ‘নূরুদ্দিন স্বর্ণপদক’-এ অভিনয় করে তিনি নাটকপাড়ায় দারুণ পরিচিতি লাভ করেন। পরবর্তীতে ‘দুই দুগুণে চার’, ‘সে কি আমায় নেবে চিনে’, ‘দ্য কাউ’, ‘ডিগবাজি’, ‘ক্যাটরিনা কাইফের বিউটি পার্লার’সহ প্রায় ৮৭টির বেশি টেলিভিশন নাটকে অভিনয় করে ছোট পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেন।টেলিভিশনের গণ্ডি পেরিয়ে ২০১৪ সালে বড় পর্দায় পা রাখেন এই অভিনেতা। যদিও ‘হরিজন’ তার শুটিং করা প্রথম দিকের সিনেমা, তবে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত তার প্রথম চলচ্চিত্র ছিল মাসুদ পথিক পরিচালিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত আলোচিত ছবি ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’। এই চলচ্চিত্রে ‘তোরাব আলী’র চরিত্রে অভিনয় করে তিনি সমালোচক ও দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ান। একই বছর মুক্তিপ্রাপ্ত ‘হরিজন’ সিনেমাতেও তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল।চলচ্চিত্রের দুনিয়ায় নিজের অবস্থান পোক্ত করতে সময় নেননি আফফান। একে একে ‘গন্তব্য’, ‘পাগলের মতো ভালোবাসি’, ‘আদম’, ‘অপলাপ’ এবং ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’সহ বিভিন্ন চলচ্চিত্রে ভিন্নধর্মী চরিত্রে হাজির হন তিনি। বিশেষ করে ‘আদম’ সিনেমায় তার ‘মতি’ চরিত্রটি দর্শকের মনে দীর্ঘস্থায়ী দাগ কাটে। এছাড়া জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে মুক্তিপ্রাপ্ত ‘ময়না’ চলচ্চিত্রে ‘রকস্টার রনি’ চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের কাছেও দারুণ জনপ্রিয়তা পান তিনি; যে চরিত্রের জন্য তাকে পেশাদারভাবে গিটার বাজানোও শিখতে হয়েছিল।সাম্প্রতিক সময়েও নিজের কাজের ধারা বজায় রেখে নতুন চমক নিয়ে হাজির হয়েছেন এই অভিনেতা। ২০২৬ সালে মুক্তি পেয়েছে তার মনস্তাত্ত্বিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’। একই সময়ে দীর্ঘ প্রায় এক দশক পর ‘প্রেম পুকুর’ নাটকের মাধ্যমে আবারও ধারাবাহিক নাটকে ফিরেছেন তিনি। চলচ্চিত্র, নাটক ও ওটিটি—সব মাধ্যমেই সমান তালে কাজ করে নিজেকে আরও একজন বৈচিত্র্যময় অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয়ে নিয়মিত এগিয়ে চলেছেন আফফান মিতুল।

তিন মাধ্যমে দাপুটে আফফান মিতুলের অভিনয়যাত্রা