মোঃ নাজমুল ইসলাম সবুজ, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় বিকাশ নম্বরে ভুলবশত চলে যাওয়া ৫১ হাজার ৩০০ টাকা প্রযুক্তি ব্যবহার করে মাত্র ২ ঘণ্টার মধ্যে উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে শরণখোলা থানা পুলিশ।পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, এক ব্যক্তি তাঁর বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠানোর সময় অসাবধানতাবশত নম্বর ভুল করায় ৫১,৩০০ (একান্ন হাজার তিনশত) টাকা অন্য একজনের বিকাশ নম্বরে চলে যায়। পরবর্তী সময়ে উক্ত ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।জিডি গ্রহণের পর শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানমের সরাসরি দিকনির্দেশনায় বিষয়টি নিয়ে কাজ শুরু করে পুলিশ। সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) মো. ইসমাইল হোসেন আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যে ভুলবশত টাকা পাওয়া ব্যক্তির সন্ধান পান এবং তাঁর সঙ্গে যোগাযোগ করেন। পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপে মাত্র ২ ঘণ্টার মধ্যে পুরো টাকা উদ্ধার করা সম্ভব হয়।পরবর্তী সময়ে উদ্ধারকৃত টাকা আনুষ্ঠানিকভাবে আসল মালিকের হাতে তুলে দেওয়া হয়। কাঙ্ক্ষিত টাকা ফিরে পেয়ে ভুক্তভোগী শরণখোলা থানা পুলিশ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।এ বিষয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, জনগণের সেবা ও সুরক্ষা প্রদানই পুলিশের প্রধান দায়িত্ব। ভুল নম্বরে টাকা চলে গেলে আতঙ্কিত না হয়ে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা ও পুলিশকে অবহিত করার পরামর্শ দেন তিনি।