বরগুনা প্রতিনিধি : দেশের অভ্যন্তরে চলাচলকারী নৌযানের সঠিক পরিসংখ্যান তৈরি এবং জেলেদের জীবনযাত্রার নিরাপত্তায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে 'নৌযান শুমারি ২০২৬'। এ উপলক্ষে বরগুনায় একটি অবগতিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং নৌ পরিবহন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাসলিমা আক্তার।সভায় বক্তারা জানান, বর্তমানে সরকারি বা বেসরকারি কোনো দপ্তরের কাছেই অভ্যন্তরীণ নৌযানের পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য কোনো তথ্য নেই। এ কারণে নৌপথের সঠিক পরিকল্পনা ও পরিচালনা ব্যাহত হচ্ছে। শুমারিটি সফলভাবে সম্পন্ন হলে নৌযানের নিরাপত্তা জোরদারকরণ, দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নৌ পরিবহন সংশ্লিষ্ট দপ্তরসমূহের নীতি নির্ধারণ সহজ হবে। শুমারি কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে গণনা এলাকা চিহ্নিতকরণ এবং নৌযান গণনার স্থান বা লোকেশন নির্ধারণের কাজ শুরু হয়েছে বলে সভায় জানানো হয়।সভায় অংশ নেওয়া স্থানীয় বক্তা ও প্রতিনিধিরা বরগুনার জেলেদের নানা সংকটের কথা তুলে ধরেন। তারা জানান, উপকূলের হতদরিদ্র জেলেরা চরম জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে মাছ ধরতে যান। কিন্তু প্রায়ই হঠাৎ প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কবলে পড়ে অনেক জেলে প্রাণ হারান কিংবা পঙ্গুত্ব বরণ করেন। ফলে শত শত পরিবার নিঃস্ব হয়ে পড়ছে।জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে জেলেদের এই মানবিক সংকট নিরসন এবং সাগরে তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি জানান উপস্থিত প্রতিনিধিরা।সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাসলিমা আক্তার সংশ্লিষ্ট সবাইকে 'নৌযান শুমারি ২০২৬' সফল করতে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান এবং জেলেদের সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বস্ত করেন।