উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এম.আর.জে শান্ত, বিনোদন প্রতিবেদক ||
ছোটবেলা থেকেই মিডিয়ায় কাজ করার প্রতি আগ্রহ ছিল সামিরা মন্ডলের। সেই আগ্রহ থেকেই স্বপ্নের পথে যাত্রা শুরু। মডেলিং দিয়ে বিনোদন অঙ্গনে পা রাখা এই তরুণী ইতোমধ্যে ফটোশুট, র্যাম্প ও নাটকে কাজের মাধ্যমে নিজের অভিজ্ঞতা বাড়িয়েছেন। তবে শুধু মডেলিংয়েই সীমাবদ্ধ থাকতে চান না তিনি। অভিনয়েও নিয়মিত কাজ করে একজন প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে নিজেকে গড়ে তোলার লক্ষ্য তাঁর।সামিরার গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংশায়। বর্তমানে প্রাইম ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াশোনা করছেন তিনি। শিক্ষাজীবনের ব্যস্ততার পাশাপাশি চালিয়ে যাচ্ছেন মিডিয়ার কাজও। তাঁর এই পথচলায় পরিবারের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে মায়ের অনুপ্রেরণা এবং বাবা-মায়ের উৎসাহেই মিডিয়ায় কাজ শুরু করার সাহস পেয়েছেন বলে জানান সামিরা।র্যাম্প মডেলিংয়ের মধ্য দিয়ে তাঁর পেশাগত যাত্রার সূচনা। এ অঙ্গনে কাজের স্বীকৃতিস্বরূপ ইতোমধ্যে চারটি পুরস্কারও অর্জন করেছেন তিনি। র্যাম্পের পাশাপাশি ফটোশুটেও নিয়মিত কাজ করছেন। অন্যদিকে অভিনয়ের অভিজ্ঞতার ঝুলিতে যুক্ত হয়েছে চারটি নাটক।সামিরা অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে হুমায়ুন কবিরীর পরিচালনায় বিটিভিতে প্রচারিত ‘বাবার করুণ মৃত্যু’ ও ‘কট খেয়ে বিয়ে’। এ ছাড়া ঋষি জুয়েলের পরিচালনায় ‘নীল খামের প্রেম’ এবং ‘প্রবাসী কষ্ট’ নাটকেও অভিনয় করেছেন তিনি। পাশাপাশি জনপ্রিয় সংগীতশিল্পী পড়শীর সঙ্গে একটি কাজেও যুক্ত হওয়ার সুযোগ হয়েছে তাঁর।বিভিন্ন মাধ্যমে কাজের অভিজ্ঞতা সামিরাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিচ্ছে। নিজের পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, আগামী এক বছরের মধ্যে দর্শকদের সামনে আরও ভালো কিছু কাজ নিয়ে হাজির হতে চান। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। মানসম্মত কাজের মধ্য দিয়ে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করাই এখন তাঁর প্রধান লক্ষ্য। সামিরার কাছে মিডিয়ায় পথচলা কেবল পরিচিতি পাওয়ার মাধ্যম নয়, বরং নিজের স্বপ্ন বাস্তবায়নের একটি দীর্ঘ যাত্রা। দর্শকদের ভালোবাসা ও সমর্থন নিয়ে এই পথচলা বহুদূর এগিয়ে নিতে চান তিনি। একজন সফল মডেল ও অভিনেত্রী হওয়ার পাশাপাশি নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যাশাও রয়েছে তাঁর।