উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রামু প্রতিনিধি , কক্সবাজার ||
কক্সবাজারের রামুতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫-এর অভিযানে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় খালেদা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মৌলভীরকাটা এলাকার কেচোবুনিয়াছড়ায় এ অভিযান চালানো হয়।এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পালানোর চেষ্টাকালে খালেদা বেগমকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, জেবর মল্লিকের চাষের জমির পাশে বাঁশের সাঁকোসংলগ্ন নালার পানির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।গ্রেপ্তার খালেদা বেগম ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় তাঁর দুই ছেলেসহ একাধিক সহযোগী পলাতক রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫। তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারে কার্যক্রম চলছে।উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোবাইল ফোনসহ গ্রেপ্তার নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি-১৫ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।