উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ভক্ত ও পূজারীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।আজ রবিবার সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে সার্বজনীন পূজা কমিটি ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় ও প্রতিমা দর্শন শেষে ভক্তদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি।সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময়কালে সাইফুল হক বলেন, "নানা ধর্ম ও সংস্কৃতির বৈচিত্র্যের মধ্যেই আমাদের জনগণের মূল ঐক্য ও শক্তি নিহিত। এবার দেশব্যাপী বিপুল সমারোহ ও সম্প্রীতির মেলবন্ধনে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে।"অসাম্প্রদায়িক চেতনার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, "মাঝে মাঝে কিছু অশুভ শক্তি আমাদের এই দীর্ঘদিনের ঐক্য ও সম্প্রীতিতে ফাটল ধরাতে চায় এবং নানা উস্কানি সৃষ্টি করে। কিন্তু দেশের সচেতন অসাম্প্রদায়িক মানুষ এসব অশুভ বা অসুর শক্তিকে প্রতিহত করেই ভ্রাতৃত্বের বার্তা নিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে।"একটি বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে সাইফুল হক বলেন, "আমরা এমন একটি রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে চাই যেখানে ধর্ম বা সাংস্কৃতিক বিশ্বাসের কারণে কোনো নাগরিকের মধ্যে বৈষম্য থাকবে না।" এ সময় তিনি হিংসাশ্রয়ী ও বিভেদকামী যাবতীয় অশুভ শক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে দেশের গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।শুভেচ্ছা বিনিময়কালে আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী, রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানসহ পার্টির ঢাকা মহানগর নেতৃবৃন্দ। এছাড়া বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় সংগঠক তুহিন রহমান ও আহমেদ রনিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।