উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ, জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। একই সঙ্গে উপজেলার শিয়াচর এলাকায় ওয়াপদা খালে পরিবেশের উন্নয়ন ও সবুজায়নের লক্ষ্যে ১০০টি গাছের চারা রোপণ করা হয়েছে।আজ সকালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির সদর উপজেলায় পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় তিনি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।পরে শিয়াচর এলাকায় ওয়াপদা খালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং খালের আশপাশের পরিবেশ উন্নয়নের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তুলতে সহায়ক হবে।এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে বাড়ির আশপাশ, ড্রেন, নালা ও খালে জমে থাকা পানি অপসারণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। শুধু প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে এসব রোগের বিস্তার রোধ করা সম্ভব নয়; এ জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ।উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং ডেঙ্গুমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি বৃক্ষরোপণ ও গাছের যথাযথ পরিচর্যার মাধ্যমে সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নারায়ণগঞ্জ গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।