উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বান্দরবান প্রতিনিধি ||
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নুরুল আজিম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত টমটমও জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি থানাধীন পুরাতন বাসস্টেশন-সংলগ্ন পাকা সড়কে এ অভিযান চালানো হয়।পুলিশ সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে একটি ব্যাটারিচালিত টমটম (ইজিবাইক) তল্লাশি করা হয়। এ সময় গাড়িটির পেছনের অংশে বিশেষ কৌশলে ঢালাই করে তৈরি করা গোপন স্থানে লুকিয়ে রাখা ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবা পরিবহনে ব্যবহৃত টমটমটি জব্দ করা হয়।আটক নুরুল আজিম কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোরাকাছা এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মুক্তার আহমেদ এবং মাতার নাম মমতাজ বেগম।এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বান্দরবান জেলা পুলিশ জানিয়েছে, মাদকের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা পুলিশ বদ্ধপরিকর।