উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এম.আর.জে শান্ত, বিনোদন প্রতিবেদক ||
ঢালিউডের নতুন সামাজিক ও পারিবারিক গল্পের সিনেমা ‘স্নেহের বন্ধন’ দিয়ে বড় পর্দায় দর্শকের সামনে আসছেন সম্ভাবনাময়ী অভিনেত্রী আঁখি চৌধুরী। আগামী ১৬ অক্টোবর সারা দেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। মুক্তির অপেক্ষায় থাকা এই ছবিতে আঁখির অভিনয় ঘিরে চলচ্চিত্রপ্রেমী ও দর্শকদের মধ্যে ইতিমধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে।কামরুজ্জামানের পরিচালনায় নির্মিত এই সিনেমায় জয় চৌধুরী ও মৌ খানের পাশাপাশি আরও একটি জুটি হচ্ছে আখি চৌধুরী এবং সৌরভ ফার্সী। পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, মানবীয় আবেগ এবং পারিপার্শ্বিক সংঘাতের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘স্নেহের বন্ধন’। এর আগে ছবিটির বিভিন্ন প্রচারণায় কলাকুশলীরা একে একটি পরিপূর্ণ পারিবারিক ড্রামা হিসেবে উল্লেখ করে দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন। বড় পর্দায় নিজের সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করতে চান আঁখি।অভিনয়ের প্রতি গভীর ভালোবাসা ও একাগ্রতা থেকেই বিনোদন অঙ্গনে নিজের পথচলা এগিয়ে নিচ্ছেন এই অভিনেত্রী। নতুন এই সিনেমায় কাজের মধ্য দিয়ে নিজের অভিনয়দক্ষতা আরও ভালোভাবে ফুটিয়ে তোলার পাশাপাশি দর্শকদের কাছে নিজের পরিচিতি বাড়িয়ে নেওয়ার সুযোগ দেখছেন তিনি। ‘স্নেহের বন্ধন’ তাঁর অভিনয়জীবনে কতটা সাড়া ফেলতে পারে এবং বড় পর্দায় তাঁর উপস্থিতি দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।দুর্গাপূজা ও শারদীয় উৎসবের দীর্ঘ ছুটিকে সামনে রেখে মুক্তি পাওয়া এই পারিবারিক ধারার ছবিটি দর্শকদের কতটা মন জয় করতে পারে, তা সিনেমাটি হলের পর্দায় আসার পরই পুরোপুরি স্পষ্ট হবে।