উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় ও লাভজনক নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান 'ডিপি ওয়ার্ল্ড' এর হাতে ইজারা দেওয়ার সরকারি উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আজ বৃহস্পতিবার এসংক্রান্ত চুক্তি স্বাক্ষরের আয়োজনের প্রেক্ষাপটে দেওয়া এক বিবৃতিতে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।বিবৃতিতে সাইফুল হক বলেন, দেশের প্রধান সমুদ্রবন্দর ও জাতীয় নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কৌশলগত সম্পদ বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার এই প্রক্রিয়া সম্পূর্ণ অস্বচ্ছ এবং জনস্বার্থের পরিপন্থি। বন্দর রক্ষা কমিটিসহ বিভিন্ন শ্রমিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের জোরালো আপত্তি এবং জনগণের মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করে একতরফাভাবে এই চুক্তি চূড়ান্ত করা হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি ক্ষোভের সাথে বলেন, জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে জনমত উপেক্ষা করে তাড়াহুড়ো করে করা এই চুক্তি দেশের ইতিহাসে একটি 'কালো চুক্তি' হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, যে টার্মিনাল থেকে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা রাজস্ব আয় হয় এবং যা দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্যের মূল প্রাণকেন্দ্র, তা বিদেশি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তার জন্যও বড় হুমকি। চুক্তি স্বাক্ষরের আগে এর শর্তাবলী, আর্থিক লেনদেন এবং শ্রমিকদের অধিকার ও নিরাপত্তার বিষয়টি জনগণের সামনে স্পষ্ট করা হয়নি। এটি স্পষ্টতই গণতান্ত্রিক নীতমালারও চরম লঙ্ঘন।তিনি অবিলম্বে এনসিটি পরিচালনার জন্য ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরের আত্মঘাতী প্রক্রিয়া বন্ধ করার দাবি জানান। একই সঙ্গে বন্দর রক্ষা কমিটির ন্যায়সংগত দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে তিনি বলেন, বন্দর ব্যবহারে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, শ্রমিক ও অংশীজনদের মতামতের ভিত্তিতে জাতীয় স্বার্থ রক্ষা করেই কেবল বন্দরের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে।তিনি বলেন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় টারমিনাল ব্যবস্থাপনা আরও উন্নত,গতিশীল ও লাভজনক করার সুযোগ রয়েছে। সে উদ্যোগ না নিয়ে বিদেশি কোম্পানিকে বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব দেয়া বিপজ্জনক প্রবনতা। এটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।