উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জ সদরে দুই ব্যাচে ৯০ জনের প্রশিক্ষণ, চাষের উপকরণ পেলেন ১০ প্রশিক্ষণার্থীস্বল্প জায়গা ও কম পুঁজিতে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় মাশরুম চাষ বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু সহনশীল ক্যাম্পাস উদ্যোগের আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে দুই ব্যাচে মোট ৯০ জন অংশগ্রহণ করেন।প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে বাস্তবে কাজে লাগিয়ে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে প্রতি ব্যাচের শীর্ষ পাঁচজন করে মোট ১০ জন প্রশিক্ষণার্থীকে মাশরুম চাষের প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।প্রশিক্ষণে মাশরুম চাষের আধুনিক ও ব্যবহারিক পদ্ধতি, পরিচর্যা, রোগবালাই নিয়ন্ত্রণ, উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, তুলনামূলক কম জায়গা ও কম খরচে মাশরুম উৎপাদন করা সম্ভব হওয়ায় বেকার ও কর্মপ্রত্যাশীদের জন্য এটি আত্মকর্মসংস্থানের একটি সম্ভাবনাময় ক্ষেত্র।নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের বাস্তবমুখী ও আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রশিক্ষণপ্রাপ্তরা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি ভবিষ্যতে অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।জেলা প্রশাসক মো. রায়হান কবির প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে মাশরুম চাষকে আয়মুখী উদ্যোগে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন।সংশ্লিষ্টদের মতে, স্বল্প পুঁজি ও জায়গায় মাশরুম চাষের মতো জলবায়ু সহনশীল উদ্যোগ সম্প্রসারণ করা গেলে নারায়ণগঞ্জ সদর উপজেলায় নতুন উদ্যোক্তা সৃষ্টি, বেকারত্ব কমানো এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করার সুযোগ তৈরি হবে।