উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক , ঢাকা ||
রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা তারিকুজ্জামান রাজীবের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম কবির হোসেন। তিনি বসিলা ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মোহাম্মদপুরের বসিলা উত্তর মোরা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।পুলিশের ভাষ্য, কবির হোসেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক সদস্য সচিব তারিকুজ্জামান রাজীবের সহযোগী হিসেবে কাজ করতেন। তার বিরুদ্ধে রাজীবের নির্দেশে ঢাকা-১৩ আসনের বিভিন্ন এলাকায় মিছিল, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, কবির হোসেনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।