উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। বুধবার স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও জার্মানির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে জার্মান পর্যবেক্ষক দলের উপস্থিতি দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।স্পিকার বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় জনগণ দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পরও দেশের গণতান্ত্রিক উত্তরণ বিভিন্ন সময়ে বাধাগ্রস্ত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট এবং পরবর্তী সময়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়টি রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন।তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বারবার আত্মত্যাগ করেছে।জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বলেন, দীর্ঘদিনের শাসন থেকে বেরিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। বর্তমান নির্বাচিত সরকারের সামনে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে তিনি বাংলাদেশের গণতন্ত্রকে কার্যকর ও শক্তিশালী করতে জার্মান সরকারের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।সাক্ষাৎকালে বাংলাদেশ ও জার্মানির মধ্যে সংসদীয় কমিটি গঠন, মৈত্রী গ্রুপের মাধ্যমে সংসদীয় কূটনীতির প্রসার এবং অর্থনৈতিক বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান এবং সার কারখানা স্থাপনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।এ সময় বাংলাদেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় তেল-গ্যাস সম্পদ অনুসন্ধানে জার্মানির বিশেষজ্ঞ দলকে বাংলাদেশে কাজ করার আমন্ত্রণ জানান স্পিকার। ভবিষ্যৎ বাংলাদেশের অর্থনীতিতে জ্বালানি খাতের গুরুত্ব রয়েছে বলেও তিনি রাষ্ট্রদূতকে অবহিত করেন।সাক্ষাতে জার্মান দূতাবাসের প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।