উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় চুরি মামলার তদন্তে অভিযান চালিয়ে হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি মামলার মোট ৪৯ ভরি ১৫ আনা স্বর্ণালংকার এবং ৮ ভরি ১৪ আনা রুপার অলংকার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এসআই (নিঃ) পলাশ বাউনের নেতৃত্বে এসআই মিলন ফকিরসহ পুলিশের একটি দল শিকদার বাজারের গাবতলী টাগারপাড় এলাকায় অভিযান চালায়।অভিযানে হোসেন (৪২)কে গ্রেপ্তার করা হয়। তিনি কালামের ছেলে। তার স্থায়ী ঠিকানা চাপাতলী, থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর এবং বর্তমান ঠিকানা চানমারি, জাকিরের সাহেবের বাড়ির ভাড়াটিয়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ।পরে গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে উদ্ধার করা ৪৯ ভরি ১৫ আনা স্বর্ণালংকার ও ৮ ভরি ১৪ আনা রুপার অলংকার জব্দ তালিকামূলে জব্দ করা হয়।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।