উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ রকিবুল ইসলাম , সিরাজগঞ্জ ||
গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। এ রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর পর্যন্ত লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুলে ন্যাশনাল ফুড ভিলেজ হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।সংবাদ সম্মেলনে এ টি এম আজহারুল ইসলাম বলেন, বিএনপি জনগণের রায়কে অস্বীকার করছে। তারা গণভোটের শপথ না নিয়ে জনগণের ওপর অর্পিত দায়িত্ব ও রায়ের সঙ্গে প্রতারণা করেছে।জামায়াতের এই নায়েবে আমির আরও জানান, জনগণের রায় বাস্তবায়নের দাবিতে তারা বারবার প্রতিবাদ জানিয়েছেন এবং এরই ধারাবাহিকতায় সংসদ থেকে ওয়াকআউটও করেছেন। তবে বিএনপির পক্ষ থেকে এতে কর্ণপাত না করায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। লংমার্চের মাধ্যমে সরকারের কাছে জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।উক্ত সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় হুইপ ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া মহানগরী আমির আবিদুর রহমান সোহেল, নাটোর জেলা আমির মীর নুরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা আমির মাওলানা শাহিনুর আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাজগঞ্জ জেলা আমির মুফতি আব্দুর রউফ এবং এনসিপির সিরাজগঞ্জ জেলা সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুনসহ জোটের অন্যান্য স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।