উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এম.আর.জে শান্ত, বিনোদন প্রতিবেদক ||
গান দিয়ে দীর্ঘদিন শ্রোতাদের মুগ্ধ করেছেন কণ্ঠশিল্পী পিয়াল হাসান। এবার সংগীতের পাশাপাশি যুক্ত হলেন রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পুনর্গঠিত প্রিভিউ কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন এই শিল্পী। টেলিভিশন চ্যানেলে বাংলায় ডাবিং করা বিদেশি সিরিয়াল ও অনুষ্ঠান প্রচারের অনুমতি এবং সেগুলোর মান যাচাইয়ের দায়িত্ব পালন করবে এই কমিটি।দেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি সিরিয়াল ও অনুষ্ঠান বাংলায় ডাবিং করে প্রচারের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব কনটেন্ট দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেলেও অনুবাদ, ভাষার ব্যবহার, ডাবিংয়ের মান এবং দেশীয় সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই বিদেশি ডাবিংকৃত কনটেন্ট প্রচারের আগে যাচাই-বাছাই করবে প্রিভিউ কমিটি।নতুন দায়িত্বে পিয়াল হাসানের কাজের পরিধির মধ্যে থাকবে ডাবিং করা বিদেশি সিরিয়াল ও অনুষ্ঠানের বিভিন্ন দিক পর্যালোচনা করা। বিশেষ করে অনুবাদের ভাষা কতটা যথাযথ, ডাবিংয়ের মান কেমন এবং কনটেন্টটি বাংলাদেশের সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, সেসব বিষয় গুরুত্ব দিয়ে দেখা হবে।দীর্ঘ সংগীতজীবনে মেলোডিয়াস গান দিয়ে শ্রোতাদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছেন পিয়াল হাসান। নব্বইয়ের দশক ও পরবর্তী সময়ে তার গাওয়া বেশ কিছু গান ও মিউজিক ভিডিওও দর্শক-শ্রোতাদের মধ্যে প্রশংসিত হয়েছে। সংগীতের পাশাপাশি অডিও-ভিডিও মাধ্যমের বিভিন্ন কাজের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার অভিজ্ঞতাও রয়েছে তার। এবার সেই অভিজ্ঞতাই কাজে লাগবে নতুন এই রাষ্ট্রীয় দায়িত্বে।নতুন দায়িত্ব প্রসঙ্গে পিয়াল হাসান বলেন, দেশের দর্শকদের সুস্থ বিনোদন দেওয়া এবং আমাদের নিজস্ব সংস্কৃতির অবক্ষয় রোধে এই কমিটি কাজ করবে। ডাবিংকৃত সিরিয়ালগুলোর অনুবাদের মান এবং ডাবিং শিল্পীদের কণ্ঠের সঠিক ব্যবহার হচ্ছে কিনা, সেদিকেও বিশেষভাবে নজর থাকবে।সংস্কৃতি অঙ্গনের পরিচিত এই শিল্পী রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটি কমিটিতে যুক্ত হওয়ায় শোবিজ অঙ্গনের সহকর্মী ও ভক্তদের মধ্যেও দেখা দিয়েছে ইতিবাচক প্রতিক্রিয়া। সংগীতের পর এবার দেশের প্রচারমাধ্যমে মানসম্মত ও রুচিশীল বিদেশি কনটেন্ট নিশ্চিত করার দায়িত্বেও নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চান পিয়াল হাসান।