উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী তিন মাস দেশব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।গত শনিবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লায় শহীদ রিয়া গোপ স্টেডিয়ামের সামনে থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নেতৃত্বে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এ সময় বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি মশক নিধনে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো হয়। ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে নিজ নিজ বাড়ি, আশপাশের এলাকা ও পানি জমে থাকার স্থানগুলো পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।র্যালিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনিসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।কর্মসূচি শেষে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত দেশ গড়ার উদ্যোগ বাস্তবায়ন সম্ভব। তিনি বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশে পরিচ্ছন্নতা কার্যক্রমকে গুরুত্ব দিয়েছেন।জেলা প্রশাসক আরও জানান, ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় দেশের ছয়টি জেলার জেলা প্রশাসককে বিশেষ নির্দেশনা ও দায়িত্ব দেওয়া হয়েছে। জেলাগুলো হলো—নারায়ণগঞ্জ, গাজীপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও চট্টগ্রাম।তিনি ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।মো. রায়হান কবির, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ।