উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ পুলিশি অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ী ও ৮৭ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ফতুল্লা মডেল থানার বালুর মাঠ এলাকার মাদক ব্যবসায়ী সোহেল এবং ইসদাইর এলাকার মাদক ব্যবসায়ী বা ডিলার সাগরকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বন্দর থানা এলাকার মাদক কারবারি জুয়েল, শুক্কুর আলী ও সেতারা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী মামলা করার জন্য সিআইডি, ঢাকায় প্রতিবেদন পাঠানো হবে।থানা-ভিত্তিক অভিযানের তথ্য অনুযায়ী, সদর মডেল থানায় ১৩ জন মাদকসেবী, ফতুল্লা মডেল থানায় দুইজন মাদক ব্যবসায়ীসহ ৩৬ জন মাদকসেবী, বন্দর থানায় তিনজন মাদক কারবারিসহ ৯ জন মাদকসেবী, সিদ্ধিরগঞ্জ থানায় ১৭ জন, সোনারগাঁও থানায় ২ জন, আড়াইহাজার থানায় ৪ জন এবং রূপগঞ্জ থানায় ৬ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, সাতটি থানা এলাকায় পরিচালিত এ অভিযানে সর্বমোট ৫ জন মাদক ব্যবসায়ীসহ ৮৭ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।