উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জে শুভ চন্দ্র দাস হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।মামলার তদন্তে গ্রেপ্তার হওয়া এজাহারভুক্ত আসামি সুমন ওরফে মাইগ্যা সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি নিয়ে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়।জেলা গোয়েন্দা পুলিশের একটি দল পুলিশ পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন নবাব সলিমুল্লাহ রোড এলাকায় অভিযান চালায়। এ সময় রামকৃষ্ণ মিশনের প্রধান ফটকের আনুমানিক ২০ থেকে ২৫ গজ পূর্ব পাশে ফুটপাতসংলগ্ন গাছের ঝোপঝাড়ের মধ্যে একটি শপিং ব্যাগে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া পিস্তলটির দৈর্ঘ্য আনুমানিক সাড়ে সাত ইঞ্চি। আগ্নেয়াস্ত্রটির ব্যারেলে ইংরেজিতে ‘মেড ইন ইউএসএ ৭.৬৫ এমএম’ লেখা রয়েছে। পিস্তলটির সঙ্গে একটি ম্যাগাজিনও পাওয়া যায়।গত ৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে নিয়মিত জব্দ তালিকার মাধ্যমে উদ্ধার করা পিস্তল ও ম্যাগাজিন জব্দ করা হয়। এ সময় জব্দ তালিকায় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর নেওয়া হয়।মামলার তদন্তে এজাহারভুক্ত ও তদন্তে পাওয়া আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত কয়েকজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পরবর্তীতে এজাহারভুক্ত আসামি সুমন ওরফে মাইগ্যা সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত পাঁচ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন।তদন্তে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, পূর্ববিরোধ ও মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে শুভ চন্দ্র দাসকে হত্যার পরিকল্পনা করা হয়ে থাকতে পারে। এ হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত থাকার তথ্যও তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ।এদিকে মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে জেলা গোয়েন্দা পুলিশ ও সংশ্লিষ্ট থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।উদ্ধার করা অবৈধ আগ্নেয়াস্ত্র নিজেদের হেফাজতে বা দখলে রাখার অভিযোগে সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।