উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কক্সবাজার প্রতিনিধি ||
কক্সবাজারের টেকনাফে রেজুখাল চেকপোস্টে বিজিবির তল্লাশি অভিযানে ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক সিএনজি চালককে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।বিজিবি সূত্রে জানা যায়, রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল বিজিডি-১০৮৫ ডগ জর্জের বিশেষ দক্ষতায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিতে তল্লাশি চালায়।এ সময় সিএনজির বক্সে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে সিএনজির চালক মোহাম্মদ নূর (২৬)-কে আটক করা হয়। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা।একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিকে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও জব্দ করা অন্যান্য মালামালসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।অভিযান প্রসঙ্গে বিজিবির অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।বিজিবি সূত্র আরও জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।