উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কক্সবাজার প্রতিনিধি ||
কক্সবাজার শহরের নিকটবর্তী ঝিলংজার হাজীপাড়ায় এক পুলিশ কর্মকর্তার বাড়িতে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ও নগদ ৩৫ লাখ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার। এ ঘটনায় একই পরিবারের তিনজনকে আটক করা হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে অভিযান শুরু করে প্রায় তিন ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয় বলে জানা গেছে।আটক ব্যক্তিরা হলেন—আশিক মোমেন মেহেদী (২৩), সাদিয়া ফারহানা (২৩) ও সায়মন সরোয়ার (১৬)।স্থানীয় সূত্রে জানা যায়, আটক আশিক মোমেন মেহেদী কক্সবাজার কোর্ট পুলিশের এসআই শহীদের শ্যালক। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের বাসিন্দা শামসুল আলমের ছেলে। স্থানীয়দের দাবি, প্রায় সাত-আট বছর আগে পুলিশ কর্মকর্তা শহীদ ঝিলংজার হাজীপাড়ায় বাড়িটি নির্মাণ করেন। পরবর্তী সময়ে ওই বাড়িতে আশিক মোমেন মেহেদী পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন।স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা আমির আলী অভিযোগ করেন, পুলিশ কর্মকর্তা শহীদের সঙ্গে যোগসাজশ করে তার শ্যালক মোমেন মেহেদী দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত। কিছুদিন আগে ওই বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুদের খবর পেয়ে স্থানীয় কয়েকজন যুবক প্রতিবাদ জানান বলেও দাবি করেন তিনি।আমির আলীর অভিযোগ, ওই ঘটনার পর প্রতিবাদকারী যুবকদের বিরুদ্ধেই ছিনতাইয়ের মামলা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। বিষয়টি স্থানীয় থানাকে জানানো হলেও মাদক মজুদের অভিযোগ গুরুত্ব না পেয়ে ছিনতাইয়ের অভিযোগকে গুরুত্ব দেওয়া হয় বলে দাবি করেন তিনি।পরে বাড়িটিতে মাদক মজুদের বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজারকে জানানো হলে সোমবার সকালে অভিযান চালানো হয় বলে জানান আমির আলী।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজারের পরিচালক সোমেন মন্ডল বলেন, অভিযানে প্রাথমিকভাবে যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাদের আটক করা হয়েছে। তদন্তে বাড়ির মালিক তথা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাকেও মামলায় আসামি করা হবে।অভিযান ও উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া তদন্তের পর নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।