উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাব উদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
মাদক ব্যবসায়ী, মাদকসেবী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সাতটি থানায় বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। অভিযানের প্রথম দিনেই বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে জেলার প্রতিটি থানায় এ বিশেষ অভিযান শুরু হয়।পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনা ও নেতৃত্বে ৭ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ১ জন সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলার সাতটি থানার অফিসার ইনচার্জ ও পুলিশ সদস্যদের সমন্বয়ে অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে সর্বমোট ১২২ জনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে রোববার (৬ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে নিরাপদ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ।