উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিনোদন ডেস্ক ||
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চোখ ফিল্ম সোসাইটির ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত বিশেষ চলচ্চিত্র উৎসব ‘চলচ্চিত্রে ৩০: চোখ ফিল্ম সোসাইটি’-এর প্রথম দিনে প্রদর্শিত হয়েছে আলোচিত চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’।৪ সেপ্টেম্বর উৎসবের প্রথম দিন বিকেল ৪টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শাবিপ্রবির কেন্দ্রীয় মিলনায়তনে সিনেমাটির দুটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সিনেমাটির টিমের সদস্যরা। দর্শকদের সঙ্গে সিনেমাটি নিয়ে সরাসরি মতবিনিময় করেন ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’-এর এক্সিকিউটিভ প্রডিউসার এন্ড ডিস্ট্রিবিউটর ও বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ এর সদস্য প্রতিনিধি মো: হাফিজউদ্দিন মুন্না এবং ‘দ্য হর্সম্যান’ খ্যাত অভিনেতা দেবদ্যুতি আইচ।প্রদর্শনী শেষে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিনেমাটির টিমের সদস্যরা এবং নিজেদের নির্মাণ-অভিজ্ঞতা তুলে ধরেন। সিনেমাটির গল্প, নির্মাণশৈলী ও উপস্থাপনা নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। প্রদর্শনী শেষে দর্শকদের কাছ থেকে সিনেমাটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া ও প্রশংসা পাওয়া যায়। পাশাপাশি ভবিষ্যতে চানখারপুলের টিমের কাছ থেকে আরও নতুন কাজের প্রত্যাশার কথাও জানান দর্শকরা।চোখ ফিল্ম সোসাইটির আয়োজকরা জানান, সংগঠনটির ৩০ বছর পূর্তির বিশেষ আয়োজনে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’-এর মতো একটি সিনেমা প্রদর্শন করতে পেরে তারা আনন্দিত। তাদের মতে, তরুণ নির্মাতাদের এমন সৃজনশীল ও ভিন্নধর্মী কাজ আরও বেশি দর্শকের কাছে পৌঁছানো প্রয়োজন। চলচ্চিত্র নির্মাণ ও চলচ্চিত্রচর্চায় ভবিষ্যতে চোখ ফিল্ম সোসাইটি বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ এর সহযোগিতায় ও চানখারপুলের টিমের মধ্যে আরও যৌথভাবে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।