উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মো: রকিবুল ইসলাম , সিরাজগঞ্জ ||
সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া চুরির মামলার আসামি আব্দুল মোমিনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলি বাজারসংলগ্ন একটি গ্রাম থেকে সদর থানা পুলিশ ও জেলা ডিএসবি শাখার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আব্দুল মোমিন সিরাজগঞ্জ শহরের কোবদাসপাড়া এলাকার আব্দুস সবুরের ছেলে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আদালত ভবনের দ্বিতীয় তলার হাজতখানা থেকে পালিয়ে যান আব্দুল মোমিন। আদালতে হাজিরার জন্য কারাগার থেকে তাকে অন্য কয়েকজন আসামির সঙ্গে হাজতখানায় রাখা হয়েছিল। এ সময় হাজতখানার ভেতরে থাকা অন্য এক আসামির হাতকড়া খোলার সময় আব্দুল মোমিন গেটে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে বাইরে বেরিয়ে যান। পরে আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দায় গিয়ে গ্রিল না থাকার সুযোগে নিচে লাফ দিয়ে পালিয়ে যান তিনি। ঘটনার পরপরই তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর ঘটনার দুই দিন পর শনিবার দুপুরে ছাতিয়ানতলি বাজারসংলগ্ন একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।