উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
মোঃ রকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন থেকে হাতকড়া পরানোর সময় পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছেন আব্দুল মমিন (২৪) নামে চুরি মামলার এক আসামি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে আদালত ভবনের দ্বিতীয় তলার হাজতখানা থেকে বারান্দা দিয়ে লাফিয়ে তিনি পালিয়ে যান।পলাতক আসামি আব্দুল মমিন সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার আব্দুস সবুরের ছেলে।আদালতের সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা কারাগার থেকে চুরি মামলার আসামি মমিনকে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরার জন্য আনা হয়। হাজিরা শেষে তাকে আদালত ভবনের দ্বিতীয় তলার হাজতখানায় নেওয়া হচ্ছিল। এ সময় অন্য এক আসামিকে ভেতরে ঢোকানোর সুযোগে এবং হাতকড়া পরানোর সময় মমিন দায়িত্বরত পুলিশ সদস্যকে ধাক্কা মেরে বের হয়ে যান। পরে গ্রিলবিহীন অরক্ষিত বারান্দা থেকে নিচে লাফ দিয়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যান তিনি।ঘটনার পরপরই কোর্ট পুলিশ আসামিকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। অভিযানের অংশ হিসেবে দিয়ার ধানগড়া এলাকায় অভিযান চালিয়ে নুরনবী নামে এক যুবককে আটক করা হলেও পরবর্তীতে নিশ্চিত হওয়া যায় তিনি পলাতক আসামি নন। পরে যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।ঘটনার বিস্তারিত জানতে গণমাধ্যমকর্মীরা দীর্ঘ সময় আদালত চত্বরে অপেক্ষা করলেও তথ্য সরবরাহে কোর্ট পুলিশের পক্ষ থেকে প্রথমে অনিচ্ছা দেখা যায়। পরবর্তীতে বিকেল সাড়ে চারটার দিকে সদর কোর্টের জিআরও এএসআই জুয়েল হোসেন আসামি পালিয়ে যাওয়ার সত্যতা স্বীকার করেন।এ বিষয়ে কোর্ট পরিদর্শক রওশন ইয়াজদানি জানান, হাজতখানায় অন্য এক আসামিকে ঢোকানোর সময় মমিন দায়িত্বরত পুলিশকে ধাক্কা দিয়ে বেরিয়ে যায় এবং বারান্দায় কোনো গ্রিল না থাকায় লাফ দিয়ে পালিয়ে যায়। বিষয়টি মৌখিকভাবে সদর থানায় অবহিত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।