উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কক্সবাজার প্রতিনিধি ||
কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর পালংখালী বিওপির সদস্যরা।বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পূর্ব ফারিরবিল কেকড়াতলী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালায়।এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক মাদক চোরাকারবারি পালিয়ে যাওয়ার সময় তার সঙ্গে থাকা একটি পলিব্যাগ ফেলে সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিব্যাগটি উদ্ধার করেন।পলিব্যাগের ভেতর খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী পাঁচটি প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেট থেকে সর্বমোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।জব্দ করা ইয়াবাগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।