উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ আরফান চৌধুরী ||
কক্সবাজারের চকরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টার দিকে চকরিয়া পৌরসভার থানা রাস্তার মাথার সিস্টেম কমপ্লেক্স চত্বরে এ উপলক্ষে নেতাকর্মীরা সমবেত হন। এর আগে বিকেল ৩টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সিস্টেম কমপ্লেক্স চত্বরে এসে জড়ো হন।পরে সেখানে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর যৌথ নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি চকরিয়া পৌরসভার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে মাতামুহুরী সেতু সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক ও সাধারণ সম্পাদক এম. মোবারক আলী এবং চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব নুর ইসলাম হায়দার ও সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।আলোচনা সভা ও র্যালিতে বক্তারা বলেন, বিএনপির সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের ৪৮ বছরের পথচলা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি দলের নেতাকর্মী ও সমর্থকদের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার দিন।বক্তারা আরও বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। বিএনপির প্রতিষ্ঠাকে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেন তারা।এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।কর্মসূচিতে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।