উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক ডেস্ক ||
ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন শহর পাতায়ায় নোঙর করতে যাচ্ছে। প্রায় পাঁচ হাজার মার্কিন সেনা থাকা রণতরীটি মঙ্গলবার রাতে সেখানে পৌঁছানোর কথা রয়েছে।মার্কিন সেনাদের আগমনকে সামনে রেখে পাতায়ায় যৌনকর্মীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। ইতোমধ্যে প্রায় ৫০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।স্থানীয় প্রশাসনের আশঙ্কা, বিপুলসংখ্যক মার্কিন সেনা শহরে অবস্থানকালে নিষিদ্ধ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। বিশেষ করে যৌনকর্মীদের সঙ্গে তাদের যোগাযোগ বাড়ার আশঙ্কা রয়েছে। এক স্থানীয় কর্মকর্তার ভাষ্য, হঠাৎ করে যৌনসেবার চাহিদা বেড়ে গেলে এর সুযোগ নিয়ে অপব্যবহার এবং সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে। জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।ইউএসএস আব্রাহাম লিংকন গত বছরের ২১ নভেম্বর যুক্তরাষ্ট্রের সান দিয়েগো থেকে যাত্রা শুরু করে। শুরুতে এটিকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মোতায়েন করা হয়েছিল। পরে ইরান যুদ্ধ শুরুর প্রায় এক মাস আগে গত জানুয়ারিতে রণতরীটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। সেখানে অবস্থানরত মার্কিন সেনারা ইরান যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন।যুদ্ধের সময় স্বল্প সময়ের জন্য রণতরীটি গুয়াম ও ওমানেও অবস্থান করে। তবে সব মিলিয়ে ২০০ দিনেরও বেশি সময় ধরে এটি যুদ্ধকালীন দায়িত্বে ছিল।দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের কারণে রণতরীতে থাকা সেনাদের মধ্যে ক্লান্তি ও মানসিক চাপ তৈরি হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কয়েকজন সেনা আত্মহত্যার চেষ্টাও করেছেন বলে জানা গেছে।এর মধ্যে গত সপ্তাহে এক সেনা রণতরী থেকে সরাসরি সমুদ্রে ঝাঁপ দেন। এরপর রণতরীটিকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। সান দিয়েগোতে ফেরার পথে ক্রুদের বিশ্রামের সুযোগ দিতে পাতায়ায় কিছু সময় অবস্থান করবে আব্রাহাম লিংকন।এদিকে প্রায় পাঁচ হাজার মার্কিন সেনার আগমনকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীরাও আশাবাদী। তাদের ধারণা, স্বল্প সময়ের জন্য হলেও বিপুলসংখ্যক বিদেশি সেনার উপস্থিতিতে পাতায়ার স্থানীয় ব্যবসা-বাণিজ্যে গতি আসতে পারে।পাতায়ার মেয়র পোরামাস নাগামপিচেস বলেন, প্রতিটি মার্কিন সেনা আনুমানিক ১ হাজার থেকে ৩ হাজার থাই বাথ পর্যন্ত খরচ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এতে রণতরীটি অবস্থানকালে শহরের ব্যবসা-বাণিজ্য সাময়িকভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।সূত্র: রয়টার্স