উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাব উদ্দিন , বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক নারায়ণগঞ্জ লিংক রোডের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার এবং অপরাধ নিয়ন্ত্রণে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এনসিসিআই) পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশকে সর্বমোট ৭ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।বিকেএমইএর পক্ষ থেকে সংগঠনটির পরিচালক মামুনুর রশিদ ও মো. নজরুল ইসলাম স্বপন ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন। অপরদিকে এনসিসিআইয়ের পক্ষ থেকে সংগঠনটির পরিচালক আবু জাফর, আহমেদুর রহমান তনু ও গোলাম সারোয়ার সাঈদ ২ লাখ টাকার চেক পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর কাছে হস্তান্তর করেন।এ সময় সংশ্লিষ্ট সংগঠনের অন্যান্য পরিচালক এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে সড়কটির সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি যানবাহন চলাচল পর্যবেক্ষণ, অপরাধ শনাক্তকরণ এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।জেলা পুলিশের কর্মকর্তারা মনে করেন, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী সংগঠনগুলোর পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকেএমইএ ও এনসিসিআইয়ের এ সহযোগিতা নারায়ণগঞ্জের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।