উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এম.আর.জে শান্ত, বিনোদন প্রতিবেদক ||
ভালোবাসা, স্বপ্ন আর সময়ের সঙ্গে বদলে যাওয়া সম্পর্কের গল্প নিয়ে নির্মিত নাটক ‘মানজিল’ মুক্তির পর দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। গত ২৩ আগস্ট কেএম সিনেমাটিক ইউটিউব প্ল্যাটফর্মে প্রকাশিত নাটকটি অল্প সময়েই দর্শকদের আগ্রহের কেন্দ্রে জায়গা করে নিয়েছে। সেই সঙ্গে নাটকের দ্বিতীয় পর্বের অপেক্ষাও বাড়ছে।‘মানজিল’-এর গল্পে উঠে এসেছে নূর ও পরীর জীবনের টানাপোড়েন। নূরের কাছে পরীই ছিল তার স্বপ্নের গন্তব্য, যার হাত ধরে ভবিষ্যতের সুন্দর জীবন কল্পনা করেছিল সে। কিন্তু শহরে এসে পরীর জীবনধারা বদলে যেতে শুরু করলে ধীরে ধীরে পরিবর্তন আসে তাদের সম্পর্কেও। সময়ের সঙ্গে বদলে যায় দুজনের চাওয়া-পাওয়া, স্বপ্ন এবং জীবনের লক্ষ্য। একসময় একই পথে হাঁটা দুই মানুষের ‘মানজিল’ হয়ে ওঠে সম্পূর্ণ ভিন্ন।নাটকটির গল্প লিখেছেন রাকিব আহমেদ। নূর ও পরীর চরিত্রে অভিনয় করেছেন শোয়েব শান্ত ও সুমাইয়া অর্পা। পরিচালনা করেছেন এম আই অভি।মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটির গল্প, সংলাপ ও অভিনয় নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন দর্শকরা। বিশেষ করে প্রথম পর্বের শেষের রহস্যময় মোড় দর্শকদের মধ্যে পরবর্তী গল্প জানার কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।দর্শকদের সেই আগ্রহকে সামনে রেখেই খুব শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে ‘মানজিল ২’। নির্মাতা জানিয়েছেন, প্রথম পর্বের অসমাপ্ত গল্পের ধারাবাহিকতায় দ্বিতীয় পর্বে নূর ও পরীর সম্পর্ক নতুন এক মোড় নেবে।