উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টেকনাফ প্রতিনিধি , কক্সবাজার ||
কক্সবাজারের টেকনাফে র্যাবের চেকপোস্টে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।গ্রেপ্তাররা হলেন—টেকনাফের সাবরাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া এলাকার জাফর আলম (৫৫) এবং ২ নম্বর ওয়ার্ডের করাচিপাড়া এলাকার মো. তারেক (১৯)।র্যাব-১৫ সূত্রে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে র্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল নিয়মিত টহলকালে টেকনাফ ক্যাম্পের প্রধান ফটকের সামনে টেকনাফ-কক্সবাজার সড়কে চেকপোস্ট স্থাপন করে।এ সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যানকে থামার সংকেত দেওয়া হয়। পরে গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও পিকআপে তল্লাশি চালিয়ে ড্রাইভারের সিটের পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই দুই ব্যক্তিকে আটক করা হয়।র্যাব জানায়, উদ্ধার করা ইয়াবা, পিকআপ ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার দুই আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।