উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সাম্য ও মানবিকতার আদর্শ অনুসরণ করে হিংসা-বিদ্বেষ ও বিভেদ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী।আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।পুলিশ সুপার বলেন, মহান আল্লাহ তায়ালা মানবজাতির হেদায়েত ও মুক্তির জন্য সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ (সা.)-কে ‘রহমাতুল্লিল আলামিন’ হিসেবে প্রেরণ করেছেন। তিনি মহানবী (সা.)-এর প্রতি অগণিত দরুদ ও সালাম পেশ করেন।মহানবী (সা.)-এর আগমনকে মানব ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা উল্লেখ করে তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সমগ্র মানবজাতির ইহকাল ও পরকালের কল্যাণের দূত। তাঁর ওপর নাজিল হয়েছে মানবজাতির পথপ্রদর্শক পবিত্র কুরআন। তাঁর মাধ্যমে সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার মহান আদর্শে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে।পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে এসপি মিজানুর রহমান মুন্সী বলেন, ‘নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী’—সুরা আল-কলম, আয়াত ৪। মহানবী (সা.) তাঁর অনুপম চরিত্র, আল্লাহর প্রতি অবিচল আনুগত্য এবং ন্যায় ও কল্যাণের শিক্ষার মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের মর্যাদা লাভ করেছেন।তিনি বলেন, মহানবী (সা.) জীবনভর সত্য, ন্যায়, ক্ষমা ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি এতিম, দরিদ্র ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। নারী, শিশু, প্রতিবেশী ও মেহনতি মানুষের অধিকার সম্পর্কেও দিয়েছেন সুস্পষ্ট দিকনির্দেশনা।বিদায় হজের ভাষণের কথা স্মরণ করে জেলা পুলিশ সুপার বলেন, সেখানে মহানবী (সা.) মানবিক মর্যাদা, সাম্য, ন্যায় ও পারস্পরিক দায়বদ্ধতার যে শিক্ষা দিয়েছেন, তা আজও সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়।পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তিনি জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, আমরা মহানবী (সা.)-এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করি। শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তোলার অঙ্গীকার করি।’পরিশেষে তিনি নারায়ণগঞ্জ জেলাসহ বাংলাদেশ ও বিশ্বের সকল মানুষের ওপর মহান আল্লাহর রহমত, বরকত ও শান্তি বর্ষণের জন্য দোয়া করেন।