উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায় ও মানবিকতার আদর্শ অনুসরণ করে হিংসা, বিদ্বেষ ও বিভেদ পরিহারের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সা.)-এর শিক্ষা ও আদর্শকে ধারণ করেই শান্তি, সম্প্রীতি ও সাম্যের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তুলতে হবে।আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে দেওয়া এক সাক্ষাৎকারে জেলা প্রশাসক নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।তিনি বলেন, মহান আল্লাহ তায়ালা মানবজাতির হেদায়েত ও মুক্তির জন্য সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ (সা.)-কে ‘রহমাতুল্লিল আলামিন’ হিসেবে প্রেরণ করেছেন। মহানবী (সা.)-এর প্রতি অগণিত দরুদ ও সালাম।মহানবী (সা.)-এর আগমনকে মানব ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা উল্লেখ করে ডিসি রায়হান কবির বলেন, তিনি জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সমগ্র মানবজাতির জন্য ইহকাল ও পরকালের কল্যাণের দূত। তাঁর ওপর নাজিল হয়েছে মানবজাতির পথপ্রদর্শক মহাগ্রন্থ পবিত্র কুরআন। তাঁর মাধ্যমেই সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার আদর্শে ইসলামের প্রতিষ্ঠা ও বিকাশ ঘটেছে।পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী’—(সুরা আল-কলম, আয়াত: ৪)। মহানবী (সা.) তাঁর অনুপম চরিত্র, মহান আল্লাহর প্রতি অবিচল আনুগত্য এবং ন্যায় ও কল্যাণের শিক্ষা ও আদর্শের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন।জেলা প্রশাসক বলেন, মহানবী (সা.) তাঁর সমগ্র জীবন সত্য, ন্যায়, ক্ষমা ও সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি এতিম, দরিদ্র ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একই সঙ্গে নারী, শিশু, প্রতিবেশী ও মেহনতি মানুষের অধিকার রক্ষায় সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন।বিদায় হজের ভাষণের কথা স্মরণ করে তিনি বলেন, সেখানে মহানবী (সা.) মানবিক মর্যাদা, সাম্য, ন্যায়বিচার ও পারস্পরিক দায়বদ্ধতার যে শিক্ষা দিয়েছেন, তা আজও সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয় ও অনুকরণীয়।পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে নারায়ণগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ‘আসুন, আমরা মহানবী (সা.)-এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করি। শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ এবং শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তোলার অঙ্গীকার করি।’পরিশেষে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, নারায়ণগঞ্জসহ বাংলাদেশ ও বিশ্বের সকল মানুষের ওপর আল্লাহর রহমত, বরকত ও শান্তি বর্ষিত হোক।