উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লা প্রতিনিধি ||
কুমিল্লার মেঘনায় পাঁচ লাখ টাকা চাঁদা দাবির প্রতিবাদ করায় সাবেক ছাত্রদল নেতা ও ব্যবসায়ী হুসাইন মোহাম্মদ মহসিন মিয়া (৫০) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শুধু হামলাই নয়, এ সময় তার কাছ থেকে নগদ ৯ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী।আজ রোববার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মেঘনা থানার চন্দনপুর ইউনিয়নের তুলাতলী বাজারের অটোস্ট্যান্ডের পূর্ব পাশে এ হামলার ঘটনা ঘটে বলে মেঘনা থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় কাদির (৫৫), ফারুক (৩৫), মো. কবির (৩৫) ও দেলোয়ার (৩৮)সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা ব্যক্তিদের মধ্যে দেলোয়ার হোসেন মেঘনা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।অভিযুক্ত ব্যক্তিরা একই উপজেলার টিটিরচর গ্রামের বাসিন্দা বলে জানা যায়। অভিযোগকারী মহসিন রামপ্রসাদের চর গ্রামের বাসিন্দা এবং মেঘনা উপজেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি। অভিযোগ সূত্রে জানা যায়, রামপ্রসাদের চর এলাকায় সানরাইজ শিপিং কর্পোরেশন লিমিটেডের জায়গায় বালু ভরাটের কাজকে কেন্দ্র করে অভিযুক্তরা মহসিনের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। গত ১৫ আগস্ট বিকেল ৩টার দিকে কাদির ও ফারুক তার বাড়িতে গিয়ে সরাসরি পাঁচ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে।মহসিন ওই প্রতিষ্ঠানের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নন বলে জানালে তারা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে তুলাতলী বাজারে মহসিনের ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ। কাদির ও ফারুকসহ অজ্ঞাতনামা কয়েকজন ধারালো ছুরি, হকিস্টিক ও লোহার রড নিয়ে তার ওপর হামলা চালায় বলে লিখিত অভিযোগে দাবি করা হয়েছে।অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা আবারও পূর্বের দাবিকৃত পাঁচ লাখ টাকা চাঁদা দিতে চাপ দেন। এতে মহসিন প্রতিবাদ করলে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়। একপর্যায়ে কাদির ধারালো ছুরি দিয়ে তার পেটে আঘাত করেন। এতে পেটের ডান পাশে গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ সময় ফারুক তার শার্টের বুক পকেট থেকে জোরপূর্বক ৯ হাজার ৭০০ টাকা নিয়ে নেন বলেও অভিযোগ করেছেন মহসিন। হামলার পর অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে বলা হয়েছে।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি মেঘনা থানায় লিখিত অভিযোগ করেন।ভুক্তভোগী হাসাইন মোহাম্মদ মহসিন মিয়া বলেন, চাঁদা দাবির প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে। তার অভিযোগ, অভিযুক্তরা এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও নানা অপকর্মে জড়িত এবং তাদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে।এদিকে স্থানীয়দের অভিযোগ, তুলাতলী থেকে রামপ্রসাদের চর এলাকায় যাতায়াতের জন্য নির্মাণাধীন কেদারী ব্রিজের কাজও চাঁদা দাবির কারণে বাধাগ্রস্ত হচ্ছে। প্রায় পাঁচ বছর আগে ব্রিজটির নির্মাণকাজ শুরু হলেও এখনো তা শেষ হয়নি। নতুন করে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও চাঁদা দাবিকে কেন্দ্র করে কাজ শুরুতে বিলম্ব হচ্ছে বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। প্রকাশ্য বাজারে অস্ত্র নিয়ে হামলা, চাঁদা দাবি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হোক। একই সঙ্গে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল এবং অভিযোগ তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।