উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এম.আর.জে শান্ত, বিনোদন প্রতিবেদক ||
শোবিজে প্রতিষ্ঠা পাওয়ার স্বপ্ন নিয়ে ২০২২ সালের শুরুতে ক্যারিয়ার শুরু করেন মডেল ও অভিনেত্রী সাবরিনা সাবরিন। একটি ফটোশুটের মাধ্যমে যাত্রা শুরু হলেও ধীরে ধীরে র্যাম্প, ফটোশুট এবং প্রমোশনাল ভিডিওর সুবাদে তিনি মিডিয়াতে নিজের পরিচিত মুখ তৈরি করে নেন। বর্তমানে মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও নিয়মিত হয়েছেন এই তরুণ শিল্পী।চট্টগ্রামে জন্ম ও বেড়ে ওঠা সাবরিনা ছোটবেলা থেকেই গ্ল্যামার জগতের প্রতি আকৃষ্ট ছিলেন। ক্যামেরার সামনে কাজ করার প্রবল ইচ্ছার পাশাপাশি নিজের একটি ফ্যাশন ব্যবসা গড়ে তোলার স্বপ্নও লালন করতেন তিনি। সময়ের আবর্তে আজ তার এই দুই স্বপ্নই বাস্তবে রূপ নিয়েছে। বিভিন্ন র্যাম্প শো, ব্র্যান্ডের প্রচারণামূলক ফটোশুট এবং ভিডিওতে তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও পরিশ্রম তাকে নিয়মিত নতুন কাজের সুযোগ এনে দিচ্ছে। সম্প্রতি নাটকসহ বিভিন্ন অভিনয়ভিত্তিক প্রজেক্টেও তাকে নিয়মিত দেখা যাচ্ছে।অভিনয়ে ব্যস্ততা বাড়লেও নিজের মূল পরিচয় নিয়ে বেশ স্পষ্ট সাবরিনা। তিনি মনে করেন, মডেলিংই তার ক্যারিয়ারের মূল ভিত্তি; তাই অভিনেত্রীর চেয়ে নিজেকে মডেল হিসেবে পরিচয় দিতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।শুধু শোবিজ নয়, একজন সফল উদ্যোক্তা হিসেবেও নিজের জায়গা করে নিচ্ছেন তিনি। বর্তমানে নারীদের জন্য বিদেশি ওয়েস্টার্ন পোশাকের একটি অনলাইন শপ পরিচালনা করছেন সাবরিনা। ফ্যাশনের প্রতি নিজের ভালোবাসাকে ব্যবসায় রূপ দিয়ে তিনি তরুণীদের জন্য আধুনিক ও আকর্ষণীয় পোশাকের সংগ্রহ নিয়ে কাজ করছেন। স্বপ্ন, পরিশ্রম ও আত্মবিশ্বাসকে সঙ্গী করে সাবরিনা সাবরিন এগিয়ে চলেছেন এক বহুমাত্রিক ক্যারিয়ারের পথে—যেখানে মডেলিং, অভিনয় এবং উদ্যোক্তা জীবন সমানতালে এগিয়ে যাচ্ছে।