উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
এম.আর.জে শান্ত: অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে কোন চলচ্চিত্র, সেই খোঁজে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে অস্কার বাংলাদেশ কমিটি। ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে অংশ নিতে আগ্রহী নির্মাতা ও প্রযোজকদের কাছ থেকে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন করতে হলে নির্ধারিত অনলাইন ফরম পূরণের পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। এরপর একটি জুরি বোর্ড জমা পড়া চলচ্চিত্রগুলো পর্যালোচনা করে বাংলাদেশের অফিসিয়াল এন্ট্রি নির্বাচন করবে।অস্কারের নিয়ম বলছে, প্রতিযোগিতায় অংশ নেওয়া চলচ্চিত্রের দৈর্ঘ্য ন্যূনতম ৪০ মিনিট হতে হবে। কাহিনীচিত্রের পাশাপাশি অ্যানিমেশন ও প্রামাণ্যচিত্রও এ বিভাগে জমা দেওয়া যাবে। তবে চলচ্চিত্রের সংলাপের অর্ধেকের বেশি বাংলাদেশি ভাষায় থাকতে হবে এবং পুরো ছবিতে মানসম্মত ইংরেজি সাবটাইটেল সংযুক্ত থাকা বাধ্যতামূলক।যোগ্যতার আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, ছবিটি ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশের কোনো বাণিজ্যিক প্রেক্ষাগৃহে সাধারণ দর্শকের জন্য মুক্তি পেতে হবে এবং টানা অন্তত সাত দিন প্রদর্শিত হতে হবে।অন্যদিকে, প্রেক্ষাগৃহে মুক্তির আগে যদি কোনো চলচ্চিত্র টেলিভিশন, ওটিটি, স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ডিভিডি, পে-পার-ভিউ, বিমানে বা ইন্টারনেটের মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে, তাহলে সেটি অস্কারের এই বিভাগে বিবেচিত হবে না।এ ছাড়া চলচ্চিত্রটির সৃজনশীল নিয়ন্ত্রণ বাংলাদেশের নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের হাতে থাকা প্রয়োজন। আবেদনপত্রে ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকলে তা বাতিল করার অধিকার সংরক্ষণ করেছে কমিটি।বাংলাদেশের নির্বাচিত চলচ্চিত্রের নাম ঘোষণা করা হবে আগামী ২৭ সেপ্টেম্বর সকাল ১১টায়, রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে।