উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রামু প্রতিনিধি , কক্সবাজার ||
কক্সবাজারের রামুতে মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মোটরসাইকেলচালকসহ দুজনকে আটক করা হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।বিজিবি সূত্রে জানা যায়, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদীর দিকনির্দেশনায় এবং সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় টহল ও তল্লাশি জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক মোটরসাইকেল থামিয়ে চালক মো. জসিম (৩৫) ও মো. আলমগীরকে (৪৯) জিজ্ঞাসাবাদ করা হয়।পরে মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে এর তেলের ট্যাংকির ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।