উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিনোদন প্রতিবেদক ||
পড়াশোনার পাশাপাশি নাচ ও অভিনয়ে নিয়মিত দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল প্রতিভারা। তাদেরই একজন সোরমিলা ইসলাম নওরিন। মিডিয়ার ব্যস্ততার মাঝেও এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ অর্জন করে নিজের মেধার স্বাক্ষর রেখেছেন এই তরুণী। মাইলস্টোন স্কুল ও রাজাবাগ পুলিশ লাইন্স স্কুল থেকে পড়াশোনা শেষ করে তিনি এখন কলেজে ভর্তির অপেক্ষায় রয়েছেন।খুব ছোট বয়স থেকেই সাংস্কৃতিক অঙ্গনে পথচলা শুরু নওরিনের। মাত্র পাঁচ বছর বয়সে নাচের হাতেখড়ি হয় তাঁর। নৃত্যগুরু আজিজ রেজার অধীনে প্রশিক্ষণ নিয়ে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন এবং অসংখ্য পুরস্কার অর্জন করেন।নাচের পাশাপাশি শৈশবেই অভিনয়ে পা রাখেন নওরিন। মাত্র ছয় বছর বয়সে এনটিভির একটি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে তাঁর। এরপর থেকে নিয়মিত নাটক, বিজ্ঞাপনচিত্র ও ওয়েব সিরিজে কাজ করে যাচ্ছেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে নিজের কাজের পরিধিও বেশ বাড়িয়ে নিয়েছেন এই উদীয়মান তারকা।সম্প্রতি মুশফিক আর ফারহান ও কেয়া পায়েলের সঙ্গে ‘পরান পাখি’ নাটকে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন নওরিন। নাটকে তাঁর সাবলীল অভিনয় দর্শকদের নজর কেড়েছে। এ ছাড়া গ্রামীণফোনের জনপ্রিয় বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি কয়েকটি ওয়েব সিরিজের কাজও শেষ করেছেন তিনি, যা শিগগিরই মুক্তি পাওয়ার কথা রয়েছে।ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে নওরিন বলেন, ‘ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত আছি। ভবিষ্যতে শুধু একজন নায়িকা নয়, বরং একজন সফল অভিনেত্রী হিসেবে নিজেকে দেখতে চাই। এর পাশাপাশি পড়াশোনাও সমানভাবে চালিয়ে যেতে চাই। এমনকি প্রশাসনিক কাজের প্রতিও আমার গভীর আগ্রহ রয়েছে।’নওরিনের এই পথচলার সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণা তাঁর মা। মেয়ের নাচ ও অভিনয়ের শুরু থেকে প্রতিটি পদক্ষেপে তিনি সবসময় পাশে থেকেছেন। এ প্রসঙ্গে নওরিন বলেন, ‘আমার মা সবসময় আমার সঙ্গে ছিলেন বলেই আজ আমি এতদূর আসতে পেরেছি। মায়ের অকুণ্ঠ সমর্থন ছাড়া এতদূর এগোনো কখনোই সম্ভব হতো না।’মূলত ফেনীর মেয়ে হলেও নওরিনের জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। পড়াশোনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি অভিনয়ে নিজেকে আরও শানিত করতে চান তিনি। অভিনয়ের মাধ্যমে ঢালিউডে পাকাপোক্ত স্থান করে নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে প্রশাসনিক ক্ষেত্রে কাজ করার স্বপ্ন দেখছেন বহুমুখী এই প্রতিভাবান তরুণী।