উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ শাহিন চৌধুরী , ব্রাহ্মণবাড়িয়া ||
মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের করালগ্রাস থেকে রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সুধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে বুধবার (১৯ আগস্ট) বিকেলে নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুসাঈদ এবং জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম।ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।সমাবেশে মাদক ব্যবসা ও সরবরাহের বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, মাদকের বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ, প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, সুশীল সমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকা নিয়ে মতবিনিময় করা হয়।প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, মাদক সেবনকারী, ব্যবসায়ী, ডিলার কিংবা মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও যুবসমাজকে রক্ষায় সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।তিনি বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, একটি প্রজন্ম এবং সর্বোপরি পুরো সমাজকে ধ্বংস করে। তাই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার দায়িত্ব নয়; এটি সমগ্র সমাজের সম্মিলিত দায়িত্ব।”মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতন নাগরিক, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সুধী সমাজের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।সভাপতির বক্তব্যে পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ বলেন, মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর জন্য তিনি সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।পরে বিকেল সাড়ে ৫টায় প্রধান অতিথি মাদকবিরোধী র্যালির উদ্বোধন করেন। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র্যালিতে অংশ নেন। নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে ফারুকী পার্কে গিয়ে শেষ হয়।স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালি ও সমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে অংশগ্রহণ করে মাদকবিরোধী কার্যক্রমকে সফল করার জন্য জেলা পুলিশ সুপার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।সমাবেশ থেকে মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানিয়ে স্লোগান দেওয়া হয়— “মাদকমুক্ত গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।”