উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন, রিপোর্টার ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-১১। তবে অভিযান টের পেয়ে ছিনতাইকারী ও মাদক বিক্রেতারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার কাঠেরপুল-রামারবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।র্যাব-১১ জানায়, কাঠেরপুল-রামারবাগ এলাকার মৃত খাজা মঈনউদ্দিনের একটি নির্মাণাধীন ভবনে দীর্ঘদিন ধরে নির্মাণকাজ বন্ধ রয়েছে। এই সুযোগে ছিনতাইকারী ও মাদক বিক্রেতারা ভবনটির একটি ফ্লোরে তাদের আস্তানা বা স্পট তৈরি করেছিল বলে তথ্য পাওয়া যায়। আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণের জন্য সেখানে সিসি ক্যামেরা ও রাউটার স্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।অভিযানে একটি টাইপ-৫৪ (৭.৬২) পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, সিসি ক্যামেরা, ওয়াই-ফাই রাউটার ও হ্যান্ড মাইকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।র্যাবের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি নিজেদের সতর্ক রাখতে হ্যান্ড মাইক এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রতিহত করার উদ্দেশ্যে অস্ত্র ও গুলি সেখানে রাখা হয়েছিল।র্যাব-১১ আরও জানায়, অভিযানের বিষয়টি টের পেয়ে সংশ্লিষ্ট ছিনতাইকারী ও মাদক বিক্রেতারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।