উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টেকনাফ প্রতিনিধি , কক্সবাজার ||
কক্সবাজারের টেকনাফে লেদা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএনের ২৪ নম্বর লেদা এপিবিএন ক্যাম্পের সদস্যরা।গ্রেপ্তার আসামি মো. ওসমান গণি (২৪)। তিনি লেদা রোহিঙ্গা ক্যাম্পের ডি/এলএমএস ব্লকের বাসিন্দা। তার বাবার নাম মো. শাকের হোসেন। তার এফসিএন নম্বর ২৬১৩৩৬।১৬ এপিবিএন সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওসমান গণি নিজ শেডে অবস্থান করছেন বলে জানতে পারে এপিবিএন। পরে এসআই (নিরস্ত্র) শহিদুল ইসলামের নেতৃত্বে রাত্রিকালীন টহল দল সেখানে অভিযান পরিচালনা করে।এ সময় এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওসমান গণি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে টহল দলের সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন।পরে তার পরিচয় ও তথ্য যাচাই করে এপিবিএন জানতে পারে, একটি মামলায় আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। একই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। গ্রেপ্তার ওসমান গণির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ১৬ এপিবিএন।