উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
বিদ্যুৎ সাশ্রয় ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জসহ সারা দেশে রাত ৮টার মধ্যে শপিং মল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ-সংক্রান্ত একটি স্মারক জারি করা হয়।নতুন নির্দেশনা অনুযায়ী, নারায়ণগঞ্জের শপিং মল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে গত ১১ জুন থেকে এসব প্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল।সরকারের নতুন সিদ্ধান্তের ফলে জেলার বিভিন্ন মার্কেট ও বাণিজ্যিক এলাকায় রাত ৮টার মধ্যেই ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করতে হবে। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে এবং মার্কেট, প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে।স্মারকে আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় চলমান ও অনুষ্ঠেয় মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করতে হবে। এ নির্দেশনা নারায়ণগঞ্জের সংশ্লিষ্ট আয়োজকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।বিদ্যুৎ সাশ্রয় এবং বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। নতুন নির্দেশনা বাস্তবায়নে নারায়ণগঞ্জের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়সূচি মেনে চলতে হবে।