উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে স্থানীয় জনসাধারণ ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন মাদানীনগর পুল চত্বরে সিদ্ধিরগঞ্জ থানা ও ৩ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু ও সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ সিদ্ধিরগঞ্জ থানা ও ৩ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাধারণ মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার মাদক সমস্যা, মাদক স্পট, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নিয়ে তাদের বিভিন্ন অভিযোগ ও মতামত তুলে ধরেন। একই সঙ্গে মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান ও তৎপরতা বাড়ানোর আহ্বান জানান তারা।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী যে দলেরই হোক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কট করার পাশাপাশি বাসা ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়াদের সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পুলিশকে দেওয়ার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।সভা চলাকালে উপস্থিত কয়েকজন ব্যক্তি পুলিশ সুপারের কাছে মাদক কারবারিদের নাম ও মাদক বিক্রির সম্ভাব্য স্পটের তথ্য দেন। এসব তথ্য যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার।সামাজিক অপরাধ প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশ-জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এ ধরনের মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।