উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম ব্যুরো ||
বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন শেষে চট্টগ্রামের বাঁশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানাতে উপজেলার বাহারছড়া সমুদ্রপাড়ে মানুষের ঢল নামে। পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় জনসমুদ্রে।রোববার বেলা সোয়া ১টার দিকে কক্সবাজারের মহেশখালী থেকে হেলিকপ্টারে করে বাঁশখালী পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় বাহারছড়া সমুদ্রপাড়ে সমবেত মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদের মিছিল, স্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। অনুষ্ঠানস্থলের আশপাশেও বিপুলসংখ্যক মানুষ অবস্থান নেন।চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে যোগ দিতে এ সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়ার কথা রয়েছে।বাঁশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় যাবেন। সেখানে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সংগঠনটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।এরপর হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় গিয়ে হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি। পরে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যায় নগরের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।