উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টেকনাফ প্রতিনিধি , কক্সবাজার ||
কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মরদেহ ওয়াশরুম থেকে উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে ক্যাম্পের একটি ওয়াশরুমের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।মৃত এএসআইয়ের নাম মো. রুবেল হোসেন। তিনি উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে নিয়মিত রোলকলে এএসআই রুবেল হোসেনকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর ক্যাম্পের সদস্যরা বিভিন্ন স্থানে তাঁর খোঁজ করেন। তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।পরে শনিবার ভোর আনুমানিক পাঁচটার দিকে ক্যাম্পের বাবুর্চি শরীফ ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দরজায় ধাক্কা দিয়ে সাড়া না পেয়ে তিনি জানালা দিয়ে ভেতরে তাকান। এ সময় ওয়াশরুমের ভেতরে একজনকে পড়ে থাকতে দেখা যায়।বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে এপিবিএনের কর্মকর্তা, সংশ্লিষ্ট চিকিৎসক ও উখিয়া থানার পুলিশ ঘটনাস্থলে যান। পরে ওয়াশরুমের ভেতর থেকে বন্ধ থাকা স্টিলের দরজা কেটে এএসআই রুবেল হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।এ বিষয়ে এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন জানান, রুবেল হোসেনকে কীভাবে ওয়াশরুমের ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।