উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
বিদ্যুৎ গ্রাহকদের আপত্তির মুখে প্রিপেইড বিদ্যুৎ মিটার স্থাপন কার্যক্রম পুনর্বিবেচনার দাবিতে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের কাছে স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম।শনিবার (১ আগস্ট) দুপুরে নগরীর বিবি রোডস্থ নিউ সমবায় ভবনে অবস্থিত এনসিপি জেলা কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ এমপির হাতে স্মারকলিপি তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদ, জাহাঙ্গীর আলম জাগু, শ্রমিক নেতা মাহমুদুর রহমান, গভীর নলকূপ ব্যবহারকারী মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন, বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান ডিউক, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সোহাগসহ বিভিন্ন পঞ্চায়েত, মসজিদ কমিটি ও সমাজ উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।স্মারকলিপিতে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) গ্রাহকদের মতামত বা গণশুনানি ছাড়াই প্রিপেইড মিটার স্থাপন করছে। এতে রিচার্জের সময় ডিমান্ড চার্জ, মিটার ভাড়া ও ভ্যাটের নামে অতিরিক্ত অর্থ কেটে নেওয়ার কারণে সাধারণ গ্রাহকদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে বলে দাবি করা হয়।এছাড়া রিচার্জ প্রক্রিয়ার জটিলতা, অনলাইন সার্ভারের ঘনঘন সমস্যার কারণে সময়মতো ব্যালেন্স না পাওয়া এবং ব্যালেন্স শেষ হলে পূর্ব সতর্কতা ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে রোগী, নবজাতক ও শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।নেতৃবৃন্দ বলেন, বিদ্যুৎ একটি মৌলিক জনসেবা। তাই জনমতকে গুরুত্ব দিয়ে প্রিপেইড মিটার ব্যবস্থা পুনর্বিবেচনা করে গ্রাহকবান্ধব সমাধান গ্রহণ করা প্রয়োজন।স্মারকলিপি গ্রহণ শেষে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, “আপনাদের দাবিগুলো জেনেছি। বিষয়টি জাতীয় সংসদ, জ্বালানি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরব এবং সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করব।”