উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নির্মাণাধীন একটি সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমান (৩৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নয়ন নামে অপর এক শ্রমিক আহত হয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার গুলিশাখালী বাজারসংলগ্ন গুলিশাখালী ফাজিল মাদ্রাসায় সেফটি ট্যাংক নির্মাণকাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল নির্মাণের সময় হঠাৎ সেটি ধসে পড়ে। এ সময় সেখানে কর্মরত আতিয়ার রহমান ও নয়ন দেয়ালের নিচে চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। পরে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আতিয়ার রহমানের মরদেহ উদ্ধার করা হয়। আহত নয়নকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মোঃ গোলাম ফারুক জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তবে টানা বৃষ্টি ও ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড়ের কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হয়।নিহত আতিয়ার রহমান যশোর জেলার আগরাইল গ্রামের বদরুল আলমের ছেলে।স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের পাশাপাশি কাদামাটির চাপে সেফটি ট্যাংকির দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটেছে। তবে দেয়াল ধসের প্রকৃত কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মোঃ মাহমুদুর রহমান বলেন,মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।