উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম প্রতিনিধি ||
চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে পৃথক দুটি অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা বিপুল পরিমাণ ডিএপি সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারচক্রের ২৩ সদস্যকে আটক করা হয়েছে। জব্দ করা সারের বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা।শনিবার (১ আগস্ট) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (৩১ জুলাই) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা থানার বহিঃনোঙ্গর এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। এ সময় সন্দেহজনক দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৩ জনকে আটক করা হয়।আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সারবোঝাই একটি কার্গো বোট কর্ণফুলী চ্যানেলে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ১০টার দিকে পতেঙ্গা ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম।অভিযান টের পেয়ে কার্গো বোটে থাকা পাচারকারীরা পালিয়ে গেলেও কোস্ট গার্ড সদস্যরা বোটটি জব্দ করতে সক্ষম হন। পরে তল্লাশি চালিয়ে ৪৫০ বস্তা বা ২২ হাজার ৫০০ কেজি ডিএপি সার উদ্ধার করা হয়। পাশাপাশি পাচারের কাজে ব্যবহৃত কার্গো বোটটিও জব্দ করা হয়েছে।কোস্ট গার্ড জানায়, জব্দ করা আলামত এবং আটক ২৩ জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।