উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাদারীপুর প্রতিনিধি ||
মাদারীপুরে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে সামিয়া বেকারি নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে মাদারীপুর সদর উপজেলার চৌরাস্তা-কুলপদ্দি এলাকার সামিয়া বেকারির কারখানায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিল্লাত হোসেন-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম এবং আনসার সদস্যদের একটি দল।অভিযানকালে কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, নিম্নমানের খাদ্য সংযোজন দ্রব্যের ব্যবহার, অগ্রিম তারিখযুক্ত পাউরুটি প্রস্তুত, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, কীটপতঙ্গ দমনের ব্যবস্থা না থাকা, বাধ্যতামূলক পণ্যের নিবন্ধন না থাকা, কেক তৈরিতে ব্যবহৃত রঙিন কাগজ ও ফ্লেভারের প্রয়োজনীয় সনদ প্রদর্শন করতে না পারা, ফ্লোরে খাদ্যপণ্য সংরক্ষণ, রশিদ ও লেবেলবিহীন রাসায়নিক ব্যবহার এবং কাঁচামাল ক্রয়-বিক্রয়ের চালান প্রদর্শনে ব্যর্থ হওয়ার বিষয়গুলো ধরা পড়ে।এসব অপরাধের দায় স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ (১,০০,০০০) টাকা অর্থদণ্ড করা হয় এবং তা আদায় করা হয়।এ সময় ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সতর্ক করে বলা হয়, সন্তোষজনক পরিবর্তন না হলে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।