উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আড়াইহাজার প্রতিনিধি, নারায়ণগঞ্জ ||
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জমি-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মাজহারুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানসাদী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।নিহত মাজহারুল ইসলাম সুলতানসাদী গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে।স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, একই এলাকার হযরত আলীর ছেলে পারভেজ (৩৫), বকুল (৪০), সোহেল (৩০), হানিফ (৩৩), নুরুল ইসলাম ভান্ডারী (৬০) ও তাদের স্বজনদের সঙ্গে মাজহারুল ইসলামের পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি বলে দাবি পরিবারের।বুধবার রাতে বিরোধপূর্ণ বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। নিহতের ছেলে তারিকুল ইসলামের অভিযোগ, সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের কয়েকজন তাঁর বাবাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন এবং গলা চেপে ধরেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন।পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”এদিকে, সাম্প্রতিক সময়ে আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতির চেষ্টা, সহিংসতা ও সংঘর্ষের একাধিক ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বাসিন্দাদের দাবি, গুরুত্বপূর্ণ সড়ক ও অপরাধপ্রবণ এলাকায় পুলিশি টহল জোরদার, দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা এবং বিরোধপূর্ণ এলাকায় আগাম নজরদারি বাড়ানো হলে অনেক অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব।